নারী শিক্ষার প্রসার, নারী অধিকার রক্ষা, মানবাধিকারের ক্ষেত্রে অবদান এবং নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারজন বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে চারজন নারী এই সম্মাননা গ্রহণ করেন।
এবার বেগম রোকেয়া পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন নারীশিক্ষা (গবেষণা) বিভাগে রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) বিভাগে কল্পনা আক্তার, মানবাধিকার বিভাগে নাবিলা ইদ্রিস, নারী জাগরণ (ক্রীড়া) বিভাগে ঋতুপর্ণা চাকমা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৯ ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে, যা নারী ক্ষমতায়ন, শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে।
বেগম রোকেয়া দিবস প্রতি বছর ৯ ডিসেম্বর পালিত হয়। দিবসটি নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসার, অধিকার নিশ্চিতকরণ এবং নারী জাগরণের অগ্রযাত্রাকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে উদযাপিত হয়।





