মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন হাসপাতালে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। এটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার কিছু পরে অবতরণ করবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অবতরণের অনুমতি পেয়েছে। রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিক্যাল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে।

জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসকরা যুক্ত রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত মেডিক্যাল বোর্ডের অনুমোদন পেলে কার্যকর হবে।

এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চার মাস চিকিৎসা শেষে ৫ মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেন তিনি।

শেয়ার করুন