প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনার দিকে রওনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চার নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার এবং ইসি সচিবসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফশিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। তফশিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো হবে। তফশিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরানোর জন্য; না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “তফশিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোটে অংশ নিতে পারবে না। আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।”
ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হবে। প্রবাসী ভোটারদের জন্য সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো শুরু হবে।
প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এ মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত করা হবে না।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী।





