খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার পরিবার ও চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করেন তিনি।
প্রধান উপদেষ্টা বুধবার সন্ধ্যা ৭টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, তার ছোট ছেলে পরিবারের সদস্য সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার তাকে রিসিভ করেন।
হাসপাতালে প্রায় ৩০ মিনিট অবস্থানকালে প্রধান উপদেষ্টা বেগম জিয়ার পরিবার এবং দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করেন এবং জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্য, চীন ও অন্যান্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার তত্ত্বাবধানে আছেন।
এ সময় প্রধান উপদেষ্টা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস পুনরায় দেন। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বানও জানান।
হাসপাতাল পরিদর্শনের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও তার সঙ্গে উপস্থিত ছিলেন।





