মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকায় এসে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।

এর আগে খালেদা জিয়ার আরেক ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে পূর্বেও বলেছি— মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে দেখেছেন। আজও ইউকে থেকে বিশেষজ্ঞরা এসে দেখবেন। পরে তারা মূল্যায়ন করবেন। যদি বোর্ড মনে করে যে তাকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন এবং সম্ভব, তখনই সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘আমাদের প্রস্তুতি রয়েছে। তবে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শ— এই দুটির বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।’

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, তিনি তা গ্রহণ করতে পারছেন এবং সার্বিকভাবে স্থিতিশীল আছেন।’

শেয়ার করুন