মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

ব্রিফিংয়ে কথা বলছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন: সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। সবার দোয়ায় সুস্থ হওয়ার আশা করছেন তিনি।”ডা. জাহিদ জানান, দেশ-বিদেশের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন। আজ লন্ডন থেকে নতুন চিকিৎসক আসবেন।

তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও দোয়া করার অনুরোধ করেন।তারেক রহমান: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিয়মিত বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি।এদিকে ব্রিফিংয়ের এক পর্যায়ে ডা. জাহিদ নিজের আবেগ ধরে রাখতে না পেরে কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের দীর্ঘ ৬ বছর ধরে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান এবং তা অব্যাহত রাখার অনুরোধ করেন।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

ডা. জাহিদ বলেন, বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়ায় হয়তো এ যাত্রায় সুস্থ হয়ে যাবেন বেগম জিয়া।

 

মঙ্গলবার সকালেই তারেক রহমান ফেসবুক পোস্টে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় সোমবার রাত থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা গেছে, মূল ফটকের দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন