মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের ব্যাপক আস্থা: আইআরআই জরিপ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষ ব্যাপক আস্থা প্রদর্শন করেছেন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেশব্যাপী পরিচালিত এক জরিপে এ চিত্র দেখা গেছে।

আইআরআই’র সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশের বেশি বলেছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। একই সঙ্গে ৭০ শতাংশ বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট।

আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তাঁর প্রতি এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশাকে প্রতিফলিত করছে।’

জরিপে দেখা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আগ্রহও যথেষ্ট উঁচু। ভোট দিতে খুবই আগ্রহী বলে জানিয়েছেন ৬৬ শতাংশ ভোটার। আর ২৩ শতাংশ ‘কিছুটা আগ্রহী’ হিসেবে জানিয়েছেন। এছাড়াও, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে বিশ্বাস প্রকাশ করেছেন জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ।

জোহান্না কাও আরও বলেন, ‘বাংলাদেশিদের এই উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে যে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে। সংস্থাটি নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে জনগণের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এ ধরনের জরিপ আয়োজন করে। আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর কাজ করছে।

শেয়ার করুন