শনিবার ভোরে পাকিস্তানের লোরালাই ও তার আশেপাশের এলাকায় হালকা ভূমিকম্পে কেঁপে উঠেছে। কম্পনের সময় আতঙ্কে মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছিলেন। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, মুহূর্তের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। খবরটি জানিয়েছে জিও নিউজ।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৪। এর কেন্দ্রস্থল ছিল লোরালাই থেকে দক্ষিণ-পূর্বে প্রায় ২৩ কিলোমিটার দূরে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত মঙ্গলবার পাকিস্তানের সিবি এলাকায় ৩.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে দুই ক্ষেত্রেই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব রকম ব্যবস্থা রাখা হয়েছে।
চলতি মাসের শুরুতেই প্রদেশের কিছু অংশে ছোটখাটো কম্পন অনুভূত হয়েছিল। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) পরিচালিত এনএসএমসি জানায়, জিয়ারাত ও আশেপাশের এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
৮ নভেম্বরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কোয়েটা থেকে ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে। তবে তাতেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জিয়ারাতে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প ২০০৮ সালে আঘাত হানে। ওই সময় ২০০ জনেরও বেশি নিহত হন এবং প্রায় ৫০০ জন আহত হন। সেই ভূমিকম্পে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়, শত শত বাড়িঘর ও সরকারি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়, এবং প্রায় ১৫ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হন।
পাকিস্তান দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে বেলুচিস্তান প্রদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলের পাশে অবস্থিত। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব সময় সতর্ক অবস্থানে থাকে যাতে দুর্ঘটনার প্রভাব কমানো যায়।





