ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সম্ভবত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “হোপফুলি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল প্রকাশ করা হবে। তখন বিস্তারিত নির্বাচনের তারিখ জানা যাবে।”
গণভোটের প্রচারণা শুরু না হওয়া প্রসঙ্গে তিনি জানান, “সরকার ও নির্বাচন কমিশন একত্রিতভাবে ব্যাপক প্রচারণা চালাবে। সেই প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হচ্ছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত বলে উল্লেখ করে নাসির উদ্দীন বলেন, “সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা এখন অনেক ভালো। বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই ঘটে, তবে সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।”
মক ভোটিং আয়োজনের উদ্দেশ্য নিয়ে সিইসি বলেন, “ভোট দেয়ার প্রক্রিয়া জনগণ যাতে বোঝে এবং দুই ব্যালটে ভোট দিতে কত সময় লাগে তা যাচাই করতে মক ভোটিং আয়োজন করা হয়েছে। এছাড়া নির্বাচনের পরিবেশ ও প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা অর্জনও আমাদের লক্ষ্য।”





