বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাঁজোয়া কোরকে দিকনির্দেশনা দিলেন

সেনাবাহিনীর সাঁজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বগুড়ার আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল (এসিসি অ্যান্ড এস) মিলনায়তনে এই সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে সেনাপ্রধানের আগমনের সময় তাঁকে স্বাগত জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার এবং এসিসি অ্যান্ড এস-এর কমান্ড্যান্ট।

সম্মেলনে সেনাপ্রধান সাঁজোয়া কোরের ইউনিট অধিনায়ক এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তৃতা দেন। তিনি কোরের ঐতিহ্য ও দেশের সেবায় তাদের অবদানের প্রশংসা করেন। এছাড়া আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যদের উৎসাহিত করেন। সেনাপ্রধান প্রত্যেক সদস্যকে দেশসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।

সম্মেলনের শেষে সেনাপ্রধান এসিসি অ্যান্ড এস-এ বৃক্ষরোপণ করেন এবং কোর অধিনায়কের সঙ্গে ফটোশুটে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, ডিজি এনএসআই, অ্যাডজুট্যান্ট জেনারেল, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসিসি অ্যান্ড এস-এর কমান্ড্যান্ট, সাঁজোয়া ব্রিগেডের প্রতিনিধি, সকল সাঁজোয়া ইউনিটের অধিনায়ক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

শেয়ার করুন