রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (পিজি হাসপাতাল) এ ব্লকের তৃতীয় তলায় আগুন লেগেছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পিজি হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে আমরা ৭টি ইউনিট পাঠিয়েছি। আগুন হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও তথ্য জানা যায়নি।”
স্থানীয়রা জানান, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠে আসতে দেখা যায়। এরপর ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে দ্রুত কাজ করায় বড় ধরনের ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও অনুসন্ধানের বিষয়।





