বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসিনা রেহানা ও টিউলিপের প্লট জালিয়াতি মামলার রায় ১ ডিসেম্বর

পূর্বাচল প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আরও ১৫ জনের রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন।

এ মামলার অন্যান্য আসামি হলেন— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
তাদের মধ্যে আসামি খুরশীদ আলম বর্তমানে কারাগারে আছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট নেন— এমন অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। পরে তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১০ মার্চ ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

গত ৩১ জুলাই বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলাটিতে চলতি সময়ে মোট ৩২ জন সাক্ষ্য প্রদান করেছেন।

শেয়ার করুন