বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

একদিনে নির্বাচন ও গণভোট করায় বাজেট বাড়বে: অর্থ উপদেষ্টা 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন ও গণভোট একসাথে আয়োজনের ফলে খরচ বাড়বে। তবে এই বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন।

সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন ও গণভোট একসাথে করার কারণে বাজেট বৃদ্ধি পাবে, তবে তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। নির্বাচনের জন্য ইতিমধ্যেই বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যবস্থা এবং গণভোটের কারণে বাজেট কিছুটা বাড়বে।

ড. সালেহউদ্দিন আরও বলেন, নির্বাচন এবং গণভোট দুইদিনে করা অনেক কঠিন বিষয়। তাই একদিনে এগুলো আয়োজন করা বেশি কার্যকর। তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশেও নির্বাচন ও গণভোট একসাথে করার ব্যবস্থা রয়েছে।

এ সময় তিনি আরও জানিয়েছেন, পরিশোধিত তেল আনতে জ্বালানি মন্ত্রণালয় ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে এবং আজ তার অনুমোদন দেওয়া হয়েছে। চালের দাম এখনো স্থিতিশীল থাকলেও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এজন্য নন-বাসমতি চাল আমদানি করা হবে। সাধারণত দেশে ৪০ থেকে ৫০ হাজার টনের কম চাল আমদানি করা হয় না। ব্যবসায়ীদের তিনি সতর্ক করে বলেন, তাদের দায়িত্বশীল হতে হবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না, এবং এর সমাধান প্রশাসনের মাধ্যমে করা সম্ভব নয়; রাজনৈতিক সরকারই এই সমাধান করতে পারে।

শেয়ার করুন