বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে দুপুরে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে ক্রেডেনসিয়াল হলে দুই নেতা একটি আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভুটান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ব্যবসা-বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের মেডিকেল কলেজে ভুটানি শিক্ষার্থীদের আসন বৃদ্ধি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আসনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন এবং দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে শনিবার সকালে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। সংক্ষিপ্ত বৈঠকের পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, একটি গাছ রোপণ করেন এবং দর্শনার্থীর বইতে স্বাক্ষর করেন।
বঙ্গভবনে বৈঠকের পরে প্রধানমন্ত্রী স্বাক্ষর করে পরিদর্শন বইতে তার মন্তব্য রাখেন। সফরসঙ্গী হিসেবে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী এন. ধুঙ্গেল, শিল্প-বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী লিওনপো নামগিয়াল দর্জি এবং বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মোঃ নূরুল আমিন, বঙ্গভবনের সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরীসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা।





