২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ রবিবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হয়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষণের ফল সকাল ১০টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইলে এসএমএস পাঠিয়েও ফল জানিয়ে দেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসইট (www.dhakaeducationboard.gov.bd)
বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি বোর্ডে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী মোট ৪ লাখ ২৮ হাজার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ আবেদন এসেছে ঢাকা বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডে।
এ বছর ৯ হাজার ১৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। সামগ্রিক উত্তীর্ণের হার ৫৮.৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪.৬০ শতাংশ।





