ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।” সাক্ষাৎকারটি শুক্রবার নেটওয়ার্ক১৮-এর ফার্স্টপোস্টে প্রকাশিত হয়।
রাজনাথ সিংয়ের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র এসএম মাহবুবুল আলম বলেন, “প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়। আমরা মনে করি, এটি সঠিক বা গঠনমূলক নয়।”
তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। মাহবুবুল আলম বলেন, “দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো সর্বোত্তমভাবে গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব।”
পররাষ্ট্র মন্ত্রণালয় এও উল্লেখ করেছে যে, দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও তা সংলাপের মাধ্যমে নিরসন করা সবচেয়ে কার্যকর ও স্থায়ী উপায়। বাংলাদেশ বিশ্বাস করে যে পারস্পরিক সম্মান ও সংলাপই দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও অংশগ্রহণমূলক করতে পারে।





