সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী • মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশন করা হবে

বাংলার চোখ নিউজ :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, সিরাজগঞ্জে ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন বা অন্ধ। কিন্তু আশার কথা হচ্ছে এই ৩৩ হাজার মানুষের মধ্যে অন্তত ২৬ হাজার মানুষকে ছানি অপারেশনের মাধ্যমে দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব। আগামী দুই বছরের মধ্যে এসব মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন করা হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সিরাজগঞ্জ ‌‘ছানিমুক্ত’ জেলা ঘোষণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় চক্ষু ক্যাম্প বসিয়ে বিনামূল্যে প্রায় দেড় হাজার মানুষকে সেবা দেওয়া হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে একটি ‘ছানিমুক্ত’ জেলা উপহার দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জ জেলার প্রত্যেক ইউনিয়নে বিনামূল্যে চক্ষু শিবিরের মাধ্যমে অন্তত পাঁচ থেকে ছয় লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। এরমধ্যে তিন থেকে চার লাখ মানুষের প্রয়োজনীয় চশমা পৌঁছে দেওয়া হবে। সেই সঙ্গে দৃষ্টিহীন ২৬ হাজার মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশন করা হবে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন মানুষের ঘরেঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, তখন ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যকার মূল তফাত।

সিরাজগঞ্জ প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এপিএস আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সায়ীদ মেহবুল উল কাদির, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. নুরুল আমীন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শেয়ার করুন