সোমবার, ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চিকিৎসা অবহেলার অভিযোগে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃদ্ধার মৃত্যু

মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগে দিলোয়ারা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগটি খতিয়ে দেখার কথা জানিয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দিলোয়ারা উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত কাসুম আলীর স্ত্রী।

রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার সকাল প্রায় ১১টার দিকে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলার ওয়ার্ডে নেওয়া হলে দুপুর আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের একাধিকবার জানানো সত্ত্বেও তারা সময়মতো রোগীকে দেখতে আসেননি। তাদের দাবি, প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ায় দিলোয়ারার মৃত্যু ঘটে। পরে মৃত্যুর খবর পেয়ে চিকিৎসক ও নার্সরা ওয়ার্ডে আসেন।

নিহতের ছেলে রনি মিয়া বলেন,
“ভর্তি করার পর থেকে কয়েকবার ডাক্তার ও নার্সদের ডেকেছি। তারা আসছি বলে সময়ক্ষেপণ করেছেন। কিন্তু কেউ আমার মাকে দেখতে আসেননি। মা মারা যাওয়ার পর তারা সেলাইন ও ওষুধ নিয়ে এসেছেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

একই ওয়ার্ডে ভর্তি থাকা রোগী মাহিন মিয়া বলেন,
“রোগীর স্বজনদের বারবার ডাক্তার ও নার্সদের খুঁজতে যেতে দেখেছি। তবে তারা কী কথা বলেছেন, সেটা জানি না। রোগী মারা যাওয়ার পর চিকিৎসকদের ওয়ার্ডে আসতে দেখেছি।”

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন সুলতানা প্রীতি বলেন,
“রোগী ভর্তি হওয়ার সময় প্রয়োজনীয় ওষুধ চিকিৎসাপত্রে লিখে দেওয়া হয়েছিল। পরে স্বজনরা খবর দিলে গিয়ে দেখি রোগী মারা গেছেন।”

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন,
“ঘটনার সময় দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রোগীর স্বজনরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নেত্রকোনা সিভিল সার্জন ডা. গোলাম মওলা মুঠোফোনে বলেন,
“মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীর মৃত্যুর বিষয়টি জেনেছি। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলার প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন