সোমবার, ৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভৈরবে ফিলিং স্টেশনে তেল সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা

ভৈরবে ফিলিং স্টেশনে তেল সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা

কিশোরগঞ্জের ভৈরবে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংকট। চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায় এ সংকট দেখা দিয়েছে।

এতে বিভিন্ন যানবাহনের চালকরা চাহিদা অনুযায়ী পেট্রল, ডিজেল ও অকটেন সরবরাহ পাচ্ছেন না। এতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অপরদিকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিক্রি করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পাম্প মালিকরা।

শুক্রবার সকালে থেকে শহরের ফিলিং স্টেশনে ঘুরে গেলে দেখা যায়- বাস, পিকআপসহ বিভিন্ন যানবাহন চালক ও মোটরসাইকেল আরোহীরা জ্বালানি তেল নিতে স্টেশনে ভিড় করছেন; কিন্তু তাদের অভিযোগ তারা চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছেন না।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা ও ইসরাইলের যুদ্ধের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জ্বালানি তেল ব্যবসায়ী ফিলিং স্টেশনের মালিকরা জানিয়েছেন।

উত্তরা থেকে যাত্রী নিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাবেন প্রাইভেটকার চালক মো. রাজু। তিনি বলেন, পাম্পে জ্বালানির জন্য এসেছি আমার গাড়ির জন্য প্রয়োজন ২০ লিটার কিন্তু পাম্প থেকে আমাকে দিচ্ছে ৪ লিটার। এখন বাকি কিলো গাড়ি কিভাবে যাব সেই চিন্তায় আছি। আমাদের দাবি সরকার যেন দ্রুত দেশের জ্বালানি সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম বলেন, আমার বাইকের জন্য তেল নিতে এসে দেখি পাম্প থেকে একজন মোটরসাইকেল আরোহীকে ২শ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না। আমার চাহিদা মতো তেল পায়নি। এ তো খাবার জিনিস না বেশি নিয়ে কি করব।

আরেক মোটরসাইকেল আরোহী রায়হান মিয়া বলেন, আমি বাইকের জন্য ফুল ট্যাংকি করতে আসছি কিন্তু পাম্প থেকে ফুল ট্যাংকি করতে দেয়নি। আমাকে মাত্র ৫শ টাকার তেল দিয়েছে৷

ওষুধ কোম্পানির বিক্রয় কর্মী আরিফুর রহমান বলেন, আমাদের তো সবসময় মার্কেটে দৌড়াদৌড়ি করতে হয়। তাই গাড়িতে বেশি জ্বালানি রাখতে হয়; কিন্তু আমরা সেই পরিমাণ তেল পাচ্ছি না।

এ বিষয়ে মিন্টু মিয়া ফিলিং স্টেশন ম্যানেজার আহমেদ জিসান বলেন, আমাদের দেশের জ্বালানি চাহিদা মতো সরবরাহ ঠিক রাখতে সরকার যেন যেকোনো পরিস্থিতিতে দেশে ১/২ মাসের জন্য জ্বালানি তেল মজুদ রাখেন। জ্বালানি তেল জরুরি পণ্য; তাই সরকারকে এ বিষয়ে নজর রাখতে হবে।

ভাই ভাই ফিলিং স্টেশন মালিক আব্দুল মান্নান মিয়া বলেন, আমাদের পাম্পে যা চাহিদা রয়েছে সেই অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছি না। এই সপ্তাহে পেয়েছি কিন্তু সামনের সপ্তাহে কী পরিমাণ জ্বালানি পাবো সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি। স্বল্প জ্বালানি দিয়েই গ্রাহকদের চাহিদা অনুযায়ী না দিয়ে সীমিত পরিমাণে সরবরাহ করা হচ্ছে।

শেয়ার করুন