বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নির্বাচন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান হলো। রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে।

নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন যুগান্তর লাইভে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭ পিএম

৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ চলছে। শেষ দেড় ঘণ্টার ভোট গ্রহণ চলছে এখন।

তবে দেশের প্রায় ৪২ হাজার কেন্দ্রের মধ্যে ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোটের কার্যকলাপ দেখা গেছে ৫৯টি জায়গায়, এছাড়াও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।

আজ দুপুর ২টা পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৯ পিএম

বগুড়ার সাড়ে ৪.৫ ঘণ্টায় ভোট পড়েছে ৩৮.৫৫ শতাংশ

বগুড়ার সাতটি আসনে বেলা ১২টা পর্যন্ত গত সাড়ে চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৯ দশমিক ৫৫ শতাংশ। বৃহস্পতিবার বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন।

তিনি জানান, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ৩৬ দশমিক ৩৮ শতাংশ, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৪৫ শতাংশ, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ৩৭ দশমিক ৩৭ শতাংশ, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ৩৮ দশমিক ৪৮ শতাংশ, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ৩৪ দশমিক ৪০ শতাংশ, বগুড়া-৬ (সদর) আসনে ৩৭ দশমিক ৩৪ শতাংশ এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ৪০ দশমিক ৯০ শতাংশ ভোট পড়েছে।

এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় জেলার ৯৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৫ পিএম

চান্দিনায় ভোটকেন্দ্রের পাশ থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

চান্দিনায় ভোটকেন্দ্রের পাশ থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

কুমিল্লার চান্দিনায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সদরের ২নং ওয়ার্ড হারং উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৫টি ছেনি, ২টি রামদা, ২টি ছুরি, ৪টি চাইনিজ কুড়াল ও কয়েকটি লোহার রড।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০ পিএম

সরাইলে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভোটগ্রহণ বন্ধ ১০ মিনিট

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের সামনে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, সকালে ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় প্রিজাইডিং কর্মকর্তা প্রায় ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিবেশ স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন