নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর শনিবার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেবেন। এ উপলক্ষে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, ২০০৩ সালের ৮ ডিসেম্বর সর্বশেষ ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভাকে সফল করতে শুক্রবার সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করতে প্রচারণা জোরদার করা হয়েছে।
বিএনপির কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় ঢাকার উদ্দেশে বিমানে যাত্রা করবেন তারেক রহমান এবং সৈয়দপুর পৌঁছে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে যাবেন। সকাল সাড়ে ১১টার দিকে তিনি জনসভাস্থলে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন। দুপুরের দিকে নীলফামারীর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন জানান, তারেক রহমানের আগমন ঘিরে জেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার সফরের খবরে সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এই জনসভা ঠাকুরগাঁওয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে অংশ নেবেন। ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের পাশাপাশি পার্শ্ববর্তী পঞ্চগড় ও দিনাজপুর জেলার একটি করে আসনের প্রার্থীরাও সমাবেশে উপস্থিত থাকবেন।
জনসভায় ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নের দাবিতে একাধিক বিষয় তুলে ধরা হবে বলে জানান জেলা বিএনপির নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঠাকুরগাঁওয়ে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, বন্ধ বিমানবন্দর পুনরায় চালু, মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য শিল্পকারখানা প্রতিষ্ঠা।





