নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সিলেটসহ দেশের তিনটি জেলায় সফরে যাচ্ছেন। এই সফরের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরার পাশাপাশি জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি।
শনিবার সকালে তিনি হবিগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী নিউফিল্ড মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির।
সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসভাস্থল ও আশপাশের সড়কগুলো ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকে সাজানো হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও সমাবেশ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে টানা তিন দিন রাজধানীর বিভিন্ন নির্বাচনি এলাকায় প্রচারণা কার্যক্রম পরিচালনা করবেন ডা. শফিকুর রহমান বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।





