শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গেজেটের দাবিতে সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও

ছবি: সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে স্কেলের গেজেট জারি ও তা কার্যকর করার দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করেছেন সরকারি চাকরিজীবীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহারসহ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে পুলিশের স্থাপিত ব্যারিকেড অতিক্রম করে আন্দোলনকারীরা যমুনার প্রবেশপথে জড়ো হন। সেখানে তারা বিভিন্ন দাবি তুলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এর আগে সকালে সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সমবেত হন। সেখানে সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন। তাদের দাবি, নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

আন্দোলনরত কর্মচারীরা বলেন, দিনের মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে। অন্যথায় তারা ঘরে ফিরবেন না। তাদের অভিযোগ, অতীতে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত পে স্কেল সংক্রান্ত গেজেট জারি করা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও তা বাস্তবায়ন না করাকে তারা বৈষম্যমূলক সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পে স্কেল কার্যকরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর আগে জানান, পে কমিশনের প্রতিবেদন গ্রহণ করা হলেও তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার প্রয়োজন মনে করলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বা পরিবর্তন আনতে পারবে। গত ২৭ জানুয়ারি সরকারি ক্রয়সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

শেয়ার করুন