বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গণঅধিকার পরিষদের ৮২ নেতাকর্মীর পদত্যাগ

গণঅধিকার পরিষদের ৮২ নেতাকর্মীর পদত্যাগ

বগুড়ার সোনাতলায় গণঅধিকার পরিষদ পৌর ও দুটি ইউনিয়ন শাখার ৮২ নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিলুপ্ত পৌর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

অভিযোগ উঠেছে, উপজেলা আহবায়ক শাহারুল ইসলাম লাজুর সঙ্গে মতবিরোধের কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদ সোনাতলা পৌর শাখার সভাপতি এবং বগুড়া জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক শাহ শওকত কবির।

তিনি জানান, সোনাতলা উপজেলা আহ্বায়ক শাহারুল ইসলাম লাজু দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের উপেক্ষা করে এককভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত নেওয়ায় সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থি হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে আরও বলা হয়, সোনাতলা পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ সদস্য ও তেকানী চুকাইনগর ইউনিয়ন কমিটির আহ্বায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিবসহ ৪০ সদস্য এবং মধুপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ ১৮ সদস্যসহ মোট ৮২ নেতাকর্মী একযোগে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বারবার আলোচনা করার চেষ্টা করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। এ কারণে বাধ্য হয়েই আমরা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ ফেব্রুয়ারি বগুড়া জেলা শাখায় আনুষ্ঠানিকভাবে ৮২ সদস্যের পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এ সময় পদত্যাগকারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সংগঠনের বর্তমান নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

শেয়ার করুন