উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সম্প্রতি পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দক্ষিণ কোরিয়ার কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন।
কিম ইয়ো জং বলেন, দক্ষিণ কোরিয়ার কোনো ড্রোনই উত্তর কোরিয়ার আকাশসীমা অতিক্রম করতে পারবে না এবং এ ধরনের অনুপ্রবেশ স্পষ্টভাবে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি এই ঘটনার বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বেকের অভিযোগ অস্বীকারকে যথেষ্ট বলে মানতে নারাজ। কিমের মতে, কেবল অস্বীকার করলেই পরিস্থিতি সমাধান হবে না; পুরো বিষয়টি তদন্ত করে ড্রোনটি কীভাবে সীমান্ত অতিক্রম করতে সক্ষম হলো, তার প্রকৃত কারণ ব্যাখ্যা করতে হবে।
উদ্ধারকৃত ড্রোন থেকে পাওয়া ফুটেজে কিম ইয়ো জং উল্লেখ করেন, একটি ইউরেনিয়াম খনি, বর্তমানে বন্ধ কায়সং যৌথ শিল্পাঞ্চল এবং উত্তর কোরিয়ার সীমান্তরক্ষী বাহিনীর কিছু স্থাপনার ছবি ধরা পড়েছে। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ভবিষ্যতে দক্ষিণ কোরিয়া যদি পুনরায় এ ধরনের উসকানিমূলক কার্যক্রম চালায়, তাহলে তাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে।
কিম আরও বলেন, দক্ষিণ কোরিয়া যদি এই ঘটনার দায় কোনো বেসামরিক সংগঠনকে চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করে, তবে উত্তর কোরিয়ার বেসামরিক সংস্থাগুলোও দক্ষিণ কোরিয়ার আকাশে বহু ড্রোন পাঠানোর প্রস্তুতি নেবে।
অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শনিবার (১০ জানুয়ারি) ড্রোন অনুপ্রবেশের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।





