দেড় যুগ আগের আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুলুকে খালাস ঘোষণা করেন। দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
দুলু আদালতে উপস্থিত থাকাকালীনই আদালত রায় ঘোষণা করেন। রায়ের পর তিনি সন্তুষ্টি প্রকাশ করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
এর আগে ২০০৮ সালের ৩ আগস্ট সাবেক ভূমি উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৮৩ সাল থেকে দুলু প্রায় ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকার আয়ের বিপরীতে ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন। এছাড়া তিনি প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কিত তথ্য আয়কর বিভাগের কাছে ভুলভাবে জানিয়েছেন।
দুলু এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতেও গিয়েছিলেন, কিন্তু তার বিপক্ষে রায় দেন। পরে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০২৩ সালের ৯ এপ্রিল বিচার কার্যক্রম শুরু হয়। চলমান বিচারকালে আদালত চারজনের সাক্ষ্য গ্রহণ করেন।





