সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারে নামছে তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করতে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়েই তিনি সারাদেশব্যাপী বিএনপির নির্বাচনী প্রচারণার সূচনা করবেন।

বিষয়টি নিশ্চিত করে শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সিলেট থেকেই তারেক রহমানের নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

এদিকে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নির্বাচনী প্রচার প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তিনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে জনগণের সামনে দলীয় পরিকল্পনা তুলে ধরবেন। তবে প্রচারণার কৌশল বা কর্মসূচির বিস্তারিত বিষয়ে সে সময় তিনি আর কিছু জানাননি।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন হবে। এর পরদিন থেকেই সব রাজনৈতিক দলের মতো বিএনপিও আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবে। দীর্ঘদিনের রীতি অনুসরণ করে এবারও সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারের সূচনা করতে যাচ্ছে দলটি।

সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে তারেক রহমান বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে। কর্মসূচির অংশ হিসেবে তিনি মৌলভীবাজারে একটি জনসভায় বক্তব্য রাখবেন এবং পরে শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় যোগ দেবেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকের পর তারেক রহমানের পূর্বনির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন।

শেয়ার করুন