সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ইনজাঙ্কশন থাকা সত্ত্বেও জমিতে প্রবেশের অভিযোগ, এলাকায় উত্তেজনা 

আল আমিন, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, আদালতের জারি করা স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী একটি পক্ষ জমিতে কার্যক্রম চালানোর চেষ্টা করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী রাকেশ কুমার দেবের অভিযোগ, সতাল মেরিট প্লাস কিন্ডার গার্টেনের বিপরীতে অবস্থিত তার মালিকানাধীন জমিতে গত শনিবার (গতকাল) সকালে নয়ন চন্দ্র দেব, শয়ন চন্দ্র দেব (ভজন) ও সুমন চন্দ্র দেবসহ তাদের সহযোগীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে।

রাকেশ কুমার দেব জানান, প্রায় ২০ বছর আগে তিনি তার বাবা খোকন চন্দ্র দেবের কাছ থেকে জমিটি ক্রয় করেন। পরবর্তীতে প্রতিপক্ষের দায়ের করা বাঁটোয়ারা মামলাতেও আদালতের রায় তাদের পক্ষেই আসে। কিছুদিন আগে প্রতিপক্ষ জোরপূর্বক জমি মাপতে এলে বাধা দেওয়া হয়। এর জের ধরে শনিবার সকালে তারা লোকজন নিয়ে এসে তার বাসার গেটে হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ তার বাড়িতে ঢুকে তাকে ও তার মাকে হুমকি দেয় এবং জমি ছেড়ে দিতে না চাইলে চাঁদা দেওয়ার দাবি করে। অথচ সংশ্লিষ্ট জমির ওপর আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞা (ইনজাংশন) জারি রয়েছে। তা সত্ত্বেও তারা আইন অমান্য করে প্রবেশ করেছে বলে তিনি দাবি করেন।

রাকেশ কুমার দেব অভিযোগে আরও বলেন, খোকন চন্দ্র দেব, নয়ন চন্দ্র দেব, ভজন চন্দ্র দেব, সুমন চন্দ্র দেব ও নয়ন চন্দ্র দেবের দুই ছেলে প্রণয় চন্দ্র দেব ও তনু চন্দ্র দেব তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ নয়ন চন্দ্র দেব দাবি করেন, তারা কেবল নিজেদের জমি মাপার জন্য সেখানে গিয়েছিলেন। কাউকে মারধর কিংবা হুমকি দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, উভয় পক্ষেরই আদালতের রায় রয়েছে, বিষয়টি সঠিকভাবে জমি মেপে সমাধান করাই তাদের লক্ষ্য।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

শেয়ার করুন