মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান ইস্যুতে, সরাসরি সেনা না পাঠিয়ে লক্ষ্যভিত্তিক হামলার ইঙ্গিত ট্রাম্পের

ইরানে চলমান ব্যাপক গণআন্দোলনের প্রেক্ষাপটে দেশটি একটি গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও পুনরায় উল্লেখ করেছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি এখন অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। তার ভাষ্য অনুযায়ী, সাধারণ জনগণ এমন কিছু এলাকায় প্রভাব বিস্তার করছে, যা কয়েক সপ্তাহ আগেও অকল্পনীয় ছিল। তিনি মনে করেন, চলমান আন্দোলন দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বড়ভাবে নাড়িয়ে দিয়েছে।

ইরানি শাসকদের উদ্দেশে কোনো বার্তা রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কড়া ভাষায় বলেন, নিরাপত্তা বাহিনীর গুলি চালানো থেকে বিরত থাকা উচিত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি গুলি চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্রও প্রতিক্রিয়া জানাতে পিছপা হবে না।

এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, অতীতে যেমনভাবে দমন-পীড়ন চালানো হয়েছিল, যদি ইরানি কর্তৃপক্ষ আবারও বেসামরিক মানুষের বিরুদ্ধে সহিংসতায় জড়িয়ে পড়ে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তবে তিনি পরিষ্কার করে জানান, এর অর্থ সেনা পাঠানো নয়। বরং তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাগুলোর ওপর কঠোর হামলা চালানো হতে পারে, যা দেশটির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

শেয়ার করুন