জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মন্তব্য করেছেন, নির্বাচনি প্রক্রিয়ায় মবের দৌরাত্ম্য সুষ্ঠু ভোটের প্রধান বাধা। তিনি স্পষ্ট করে বলেন, ইসিকে মব দমন করতে হবে, না হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, “ইসির দাঁত আছে। কিন্তু শুধু দাঁত থাকলে হবে না, দাঁতসহ কামড় দিতে হবে। নির্বাচন কমিশনকে পুরো দেশের নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি ঠিক করতে পারেনি। রিটার্নিং কর্মকর্তা ভয়ে আমাদের প্রার্থীদের কাগজপত্র নিতে পারেনি।”
তিনি আরও জানান, জাপা দলের ২৪৪ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তারা ৩০ জনের মনোনয়ন বাতিল করেছিলেন। ২৫ জনের বেশি প্রার্থী আপিল করেছেন। প্রথম দফায় চারজনের মনোনয়ন বৈধ হয়েছে, একটি পেন্ডিং আছে, বাকিগুলোরও শিগগিরই সিদ্ধান্ত আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর, এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী শুনানির তারিখ ও সময়সূচি শীঘ্রই জানানো হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।





