সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে আলুবাহী ট্রাকের নিচে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিকী ছবি

যশোর-মাগুরা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলী শিপন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকার বাঁশতলা রাইস মিলের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত জুলফিকার আলী শিপন যশোর শহরের খালধার রোড এলাকার বাসিন্দা মোর্শেদ আলীর ছেলে। তিনি বর্তমানে যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামে বসবাস করতেন।

নিহতের স্বজন আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার সকালে জুলফিকার আলী বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে যশোর শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। বাহাদুরপুর রাইস মিলের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি আলুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬১৭৮) পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। এরপর ট্রাকের চাকা তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বারোবাজার হাইওয়ে পুলিশের এএসআই মো. কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি ঘটনাস্থলে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন