রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নতুন নিয়মে, সর্বোচ্চ ৩০০ টাকা

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের জন্য লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০ টাকা ফি চার্জ করতে পারবেন। এনডোর্সমেন্টের পরিমাণ যতই বেশি হোক না কেন, ফি একই থাকবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ বুধবার (৭ জানুয়ারি) এ বিষয়ে একটি নতুন নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, জিএফইটি ২০১৮-এর বিধান অনুসারে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা বিদেশগামী নাগরিকদের বার্ষিক ভ্রমণ ভাতার আওতায় বিদেশি নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি ও পাসপোর্টে এনডোর্সমেন্ট করতে পারবেন। এনডোর্সমেন্ট করতে হলে যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে সংশ্লিষ্ট কর্মকর্তার সীল ও স্বাক্ষর থাকতে হবে।

এছাড়া, নির্দেশনায় মানি চেঞ্জারদের জন্য বলা হয়েছে যে, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ফি সর্বোচ্চ ৩০০ টাকা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। গ্রাহকের কাছ থেকে ফি নেওয়ার পর রসিদ প্রদান বাধ্যতামূলক, এবং আদায়কৃত ফির যথাযথ রেকর্ড সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, আগে জারি করা অন্যান্য সার্কুলার ও নির্দেশনা পরিবর্তিত হয়নি এবং সেগুলো এখনও কার্যকর থাকবে।

শেয়ার করুন