শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সোহান বেপারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল প্রস্তুতের সময় বিস্ফোরণ ঘটেই তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারিকান্দি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ও বিরোধ চলছিল। গত শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার ভোরে হঠাৎ একটি বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। পরে তারা মুলাই বেপারিকান্দি এলাকার একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, তারা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন। লাশের শরীরে ককটেল বিস্ফোরণের স্পষ্ট আলামত পাওয়া গেছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





