রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ২৭ প্রদেশে: নিহত ৩৬

ইরানে অর্থনৈতিক সঙ্কট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভ আরও জোরদার হচ্ছে। দেশের ৩১টি প্রদেশের মধ্যে ২৭টিতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে।

টানা ১০ দিনের বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি।

সংগঠনটি জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৪ জন বিক্ষোভকারী এবং দুইজন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। নিহতদের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের কম। এছাড়া ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত এবং ২ হাজার ৭৬ জনকে আটক করা হয়েছে।

তবে ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সরকারি মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। তারা শুধু জানিয়েছে, সংঘর্ষে তিনজন নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের মালেকশাহী এলাকায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। প্রতিবেদনে হামলাকারীদের ‘দাঙ্গাকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার এলাকায় নিরাপত্তা বাহিনীর টিয়ারগ্যাস ছোঁড়ে বিক্ষোভকারীদের সরাতে। তখন আন্দোলনকারীরা ইরানের ধর্মীয় নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন। এসব দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভের সূত্রপাত ঘটে গত ২৮ ডিসেম্বর, যখন মার্কিন ডলারের তুলনায় ইরানি রিয়ালের দর বড়ভাবে কমে যায়। তেহরানের দোকানিরা রাস্তায় নামেন, পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও যুবকরা এতে যোগ দিয়ে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন, গত এক বছরে রিয়ালের রেকর্ড দরপতন এবং মুদ্রাস্ফীতি সাধারণ ইরানির জীবনকে কঠিন করে তুলেছে। পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞা, দুর্নীতি এবং দুর্বল প্রশাসনিক ব্যবস্থার কারণে দেশটির অর্থনীতি প্রবল চাপের মুখোমুখি।

সূত্র: বিবিসি

শেয়ার করুন