সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীদের স্বার্থসিদ্ধির কারণেই গ্যাসের দাম বাড়ছে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মন্তব্য করেছেন, যে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর জন্য স্বার্থান্বেষী কৌশল নিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, “যারা আগেই আশা করছিলেন এলপিজির দাম বাড়বে, তারা এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে। আপনি দেখছেন যে, বিইআরসি ঠিক ৫৩ টাকা না কতটা নির্ধারণ করেছে এতে কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লুটছে। আমরা ইতিমধ্যে কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি, প্রত্যেক জেলায় মোবাইল কোর্টের মাধ্যমে এই অস্বাভাবিক দাম বৃদ্ধির ঘটনা দ্রুত দেখার ব্যবস্থা করতে।”

তিনি আরও বলেন, “গতকাল অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি আলোচনা করা হয়েছে। দেখা যাচ্ছে, এই দামবৃদ্ধির কোনো স্বাভাবিক কারণ নেই। এটি সম্পূর্ণরূপে ব্যবসায়ীদের মিলিত কার্যকলাপের মাধ্যমে ঘটানো হয়েছে। সরকার এই অব্যবস্থার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পুলিশসহ সব সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে পদক্ষেপ নেবে।”

উপদেষ্টা আরও স্পষ্ট করে জানান, খুচরা ও পাইকারি বিক্রেতারা একত্রিত হয়ে এই কারসাজি করছেন, যা সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত বোঝা চাপাচ্ছে।

শেয়ার করুন