রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঘা থেকে ওয়ান শুটার গান ও হেরোইন উদ্ধার, র‌্যাবের হাতে আটক ১

অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহীর বাঘা থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‍্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, মাদক কারবার, সংঘবদ্ধ অপরাধ ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদক ও অস্ত্রবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বাঘা থানায় এই অভিযান চালানো হয়।
র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর যৌথ অপারেশন দল ৫ জানুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই এলাকার বাসিন্দা মো. রয়েল হোসেন ওরফে রুহেল (২৭)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ৪টি শর্ট গানের রাবার বুলেট এবং আনুমানিক ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই মো. রয়েল হোসেন ওরফে রুহেলকে গ্রেফতার করা হয়। তিনি মো. মজিবর রহমানের ছেলে এবং রাজশাহী জেলার বাঘা উপজেলার জোত কাদিরপুর গ্রামের বাসিন্দা। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেনি।
র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, রাবার বুলেট ও মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব কর্মকর্তারা জানান, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তারা।
শেয়ার করুন