ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অটল থাকার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বিসিবির আলোচনা শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) অনলাইনে দুই পক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
আইসিসি আয়োজিত প্রতিটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করা হয়। সেই চুক্তির শর্ত অনুযায়ী, কোনো দল যদি পরবর্তীতে টুর্নামেন্ট বা নির্ধারিত কোনো ম্যাচে অংশগ্রহণ না করে, তবে সেটির যৌক্তিক ব্যাখ্যা আইসিসির কাছে তুলে ধরতে হয়। গ্রহণযোগ্য কারণ ছাড়া কোনো দেশের এমন সিদ্ধান্ত আইসিসির জন্য জটিলতা তৈরি করতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণত সরকারি নিষেধাজ্ঞা বা রাষ্ট্রীয় সিদ্ধান্তকে অংশগ্রহণে অনুপস্থিতির সবচেয়ে শক্ত ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। অতীতে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ বাতিল কিংবা ম্যাচ ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রেও এমন ব্যাখ্যা গ্রহণ করেছে আইসিসি। চলমান বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্তও একই ধরনের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে বিসিবিও একই ধরনের অবস্থান নিতে চাইছে। বোর্ড সূত্রে জানা গেছে, ভারতের মাটিতে বিশ্বকাপ ম্যাচ খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশের মূল উদ্বেগ ‘নিরাপত্তা’। বাংলাদেশ সরকারের ধারণা অনুযায়ী, ভারত সফরে খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে। বিসিবি সেই অবস্থান আইসিসিকে অবহিত করেছে বলে জানা গেছে। এ কারণেই বাংলাদেশ চায়, তাদের নির্ধারিত ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজন করা হোক।
সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক ও উগ্র সংগঠনের হুমকির কারণে বিসিসিআই যে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিসিবির প্রশ্ন—যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তাই নিশ্চিত করা না যায়, তাহলে বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেওয়া বিপুলসংখ্যক খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সাংবাদিক ও দর্শকের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা সম্ভব? এই বিষয়গুলো সামনে রেখেই নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।





