থাইল্যান্ডের পাতায়াতে এক ভারতীয় পর্যটককে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে রোববার জানা গেছে, যদিও ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে, ঘটনা ঘটেছিল গত ২৭ এপ্রিল।
ঘটনায় আহত ভারতীয় পর্যটকের নাম রাজ জসুজা। তার বয়স ৫২ বছর। রাজ ওই সময় পাতায়াতে এক ট্রান্সজেন্ডারের সেবা গ্রহণ করেছিলেন। তবে সে যে পরিমাণ অর্থের বিনিময়ে চুক্তি করেছিলেন, তা দিতে অক্ষম হওয়ায় ক্ষিপ্ত হয় ট্রান্সজেন্ডার এবং তার সহযোগীরা। সেখানেই রাজের ওপর হামলা চালানো হয়।
ভিডিওতে দেখা যায়, রাজ একটি গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন। কিন্তু হামলাকারীরা তাকে গাড়ি থেকে টেনে বের করে ধারাবাহিকভাবে লাথি, ঘুষি এবং কিল মারতে থাকে। আশেপাশে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং প্রথমে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী, যার বয়স ১৯ বছর, জানিয়েছেন, রাজ ওই এলাকায় এক ট্রান্সজেন্ডারের সঙ্গে সেবা গ্রহণ শেষে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ বিবাদ হাতাহাতিতে রূপ নেয়। প্রথমে একজন তাকে অনুসরণ করলেও কিছুক্ষণ পর আরও কয়েকজন যোগ দেয়। প্রত্যক্ষদর্শীর দাবি, মূল দ্বন্দ্বের কারণ ছিল রাজ চুক্তিবদ্ধ অর্থ প্রদান করতে ব্যর্থ হওয়া।
থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, রাজ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করবেন। এরপর আইনানুগ প্রক্রিয়ায় পুরো ঘটনার তদন্ত শুরু হবে।





