বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বার্তা: শান্তি ও সহযোগিতার পথে দেশ

আগের কঠোর অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের সংকেত দিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর কার্যত সুর নরম করেছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেলসি রদ্রিগুয়েজ জানান, “ভেনেজুয়েলার জনগণের কল্যাণ এবং দেশের উন্নয়নের স্বার্থে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে ‘সহযোগিতা কর্মসূচি’ গ্রহণ করতে চাই। এই কর্মসূচির মূল লক্ষ্য আন্তর্জাতিক আইন এবং নির্ধারিত ফ্রেমওয়ার্ক অনুসরণ করে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা।”

বিবৃতিতে তিনি আরও বলেন, “ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র এবং আমেরিকা মহাদেশের অন্যান্য দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে চাই, আমাদের দেশ এবং জনগণ শান্তি ও সংলাপ চায়, যুদ্ধ নয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সবসময় এই বার্তা প্রচার করেছেন, এবং বর্তমানে এই বার্তাই পুরো ভেনেজুয়েলার প্রতিনিধিত্ব করছে।”

দেলসি রদ্রিগুয়েজ যোগ করেছেন, “ভেনেজুয়েলার জনগণের অধিকার হলো শান্তিতে থাকা, দেশের উন্নয়নে অগ্রসর হওয়া, সার্বভৌমত্ব বজায় রাখা এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া।”

এর আগে, গতকাল মাকিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বা তার প্রশাসনের কর্মকর্তারা যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেন, তবে দেশটিতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে। ট্রাম্প আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জ্বালানি তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়।

গত শনিবার রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সেনা অভিযান পরিচালিত হয়, যেখানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কের ফেডারেল কারাগারে নেয়া হয়। মাদুরো এবং তার স্ত্রীর অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্ট দেলসি রদ্রিগুয়েজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সাংবিধানিক বিধি অনুসারে দেলসি আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। ভেনেজুয়েলার সেনাবাহিনীও এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।

মাদুরোকে আটক করার পর দেলসি রদ্রিগুয়েজ এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষ্ঠুরভাবে প্রয়োগ করা হয়েছে, এবং জনগণ তার যথাযথ জবাব দেবে।” তবে রোববারের বিবৃতিতে দেখা যায়, তিনি আগের ওই কঠোর অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়পূর্ণ পথ গ্রহণের সংকেত দিয়েছেন।

শেয়ার করুন