শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেড়যুগের অপেক্ষার অবসান, বগুড়া সফরে যাচ্ছেন তারকে রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর আগামী ১১ জানুয়ারি বগুড়া সফরে যাচ্ছেন। ঢাকার বাইরে এটি তার প্রথম সফর হতে যাচ্ছে। তার আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আগ্রহের ভীড় লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই তথ্য জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে তারেক রহমান বগুড়ায় পৌঁছবেন এবং রাত যাপন করবেন একটি স্থানীয় হোটেলে। পরদিন ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজারে জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন, যেখানে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

রুবেল আরও জানান, দীর্ঘদিন পর নেতার সফরকে স্মরণীয় করে রাখতে গণসংবর্ধনা এবং অন্যান্য কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় এসব অনুষ্ঠান আয়োজন করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা থাকায় তা থেকে বিরত রাখা হয়েছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি রংপুরে যাওয়ার পথে তারেক রহমান শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ারের (রহ.) মাজার শরিফে জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে। এরপর দলীয় নেতাকর্মীরা তাকে শিবগঞ্জের শেষ সীমানা রাহবাল পর্যন্ত পৌঁছে দেবেন।

বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় নেতাকে সরাসরি দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শেয়ার করুন