জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি :
যশোর শহরের দাইতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনগণের মারপিটের শিকার হয়েছেন বাসচালক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে হেফাজতে নেয়। আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে দিকে যশোর সদর উপজেলার দাইতলা যশোর খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ হোসেন সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের কুবাদ আলীর ছেলে। তিনি মর্ডান ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের যশোর জেলা শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদ হোসেন বাইসাইকেলযোগে যশোর শহর থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। দাইতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে নড়াইলগামী একটি লোকাল বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনগণ বাসটি আটক করে চালক রায়হান (২৫)-কে মারধর করেন। তিনি বাঘারপাড়া উপজেলার দিয়াপাড়া গ্রামের মৃত ইউনুস গাজীর ছেলে। খবর পেয়ে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসচালককে উদ্ধার করে আইনগত হেফাজতে নেয় এবং প্রাথমিক চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।





