শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকি দিয়ে চিঠি

ছবি: সংগৃহীত

কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে তাকে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়, যার সঙ্গে কাফনের কাপড়ও সংযুক্ত ছিল। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির মতো পরিণতি হবে।

শাহজাহান চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন চিঠিটি বাড়িতে পৌঁছে দেন। চিঠিতে প্রেরক হিসেবে মুমিনুল আলমকে উল্লেখ করা হয়েছে, যিনি ‘ব্যাটালিয়ন-৭১’ কক্সবাজার নামের কথিত সংগঠনের আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে পরিচিত। চিঠিতে লেখা ছিল, “আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।”

শাহজাহান চৌধুরী জানিয়েছেন, চিঠিটি কক্সবাজার সদরের ডাকঘর থেকে পাঠানো হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং বলেছেন, “চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতা ভুগছি। এই হুমকি আমার নির্বাচনী কার্যক্রমে সরাসরি বাধা সৃষ্টি করছে।”

উখিয়া থানার ওসি নূর আহমদ জানিয়েছেন, সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এছাড়া বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে।

চিঠি বিষয়ক ঘটনার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফোনে কথা বলেছেন শাহজাহান চৌধুরীর সঙ্গে। তিনি তাকে সাহস হারাতে না বলার পাশাপাশি নির্বাচনের মাঠে সম্পূর্ণভাবে কাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন