শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে। রোববার দুপুর আনুমানিক ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে নেতাকর্মীদের সমবেত হওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচিতে অংশ নিতে ইনকিলাব মঞ্চের বিপুলসংখ্যক নেতাকর্মী শাহবাগ এলাকায় জড়ো হন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগানের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। শাহবাগ এলাকায় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শহীদ হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি-জিগাতলা, শংকর বাসস্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড (আল্লাহ করিম মসজিদ এলাকা), পল্লবী ও মিরপুর-১০ গোলচত্বর হয়ে উত্তরার বিএনএস সেন্টারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। নির্ধারিত রুট ধরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ঘোষণা দেন আয়োজকরা।

সংগঠনের নেতারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ঘটনা। এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এখনো পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়ায় বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নেতারা আরও জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে এই ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হচ্ছে। যতদিন পর্যন্ত হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শেয়ার করুন