রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কারওয়ান বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়ায় যান চলাচল বন্ধ, মোতায়েন অতিরিক্ত পুলিশ

কারওয়ান বাজার এলাকা রোববার দুপুরে রণক্ষেত্রে পরিণত হয়, যখন মোবাইল ফোন ব্যবসায়ীরা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআর) বাস্তবায়নের প্রতিবাদে শুরু করা কর্মসূচি পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। কিছুক্ষণেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে, ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ ঘটনায় যান চলাচল বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত ব্যাহত হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রথম দফায় লাঠিপেটা করে ব্যবসায়ীদের সরিয়ে দেয়। কিন্তু ব্যবসায়ীরা পুনরায় জড়ো হলে সংঘর্ষে রূপ নেয়। পুলিশের বিরুদ্ধে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, সেনা এবং র‍্যাব সদস্যদেরও মোতায়েন করা হয়।

মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) জানিয়েছে, তারা এনইআর বাস্তবায়নের প্রতিবাদে, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দাবি সহ কয়েক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করছেন। সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নি। ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি শান্ত রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন