রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঘায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা , স্ত্রী ও দুই সন্তান আহত

বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে গভীর রাতে সশস্ত্র হামলায় সোহেল (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন এবং রাতেই বাঘা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে কয়েকজন সশস্ত্র ব্যক্তি সোহেলের বসতবাড়ির বাইরে এসে এলোপাতাড়ি গুলি চালায়। ঘুমন্ত অবস্থায় সোহেল ও তার পরিবারের সদস্যরা লক্ষ্যবস্তু হন। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বাঘা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নিহত সোহেল বাঘা উপজেলার করালি নওসারা এলাকার কালু মণ্ডলের ছেলে। তিনি পরিবার নিয়ে পলাশী ফতেপুর চরে বসবাস করতেন। তাঁর দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।

নিহতের ভাই জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি বাড়ির দরজায় ধাক্কা দিতে আসে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা ১০-১২ রাউন্ড গুলি ছোড়ে। গুলির মধ্যে একটি সোহেলের পেটের বাম পাশে আঘাত করে, যা মুহূর্তেই তার মৃত্যু ঘটায়।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, হামলার সঙ্গে ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত সশস্ত্র একটি দলের সদস্যদের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। নিহত সোহেলের মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাঘা থানার এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য রাত থেকেই অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি সেরাজুল হক বলেন, “নিহতের লাশ রামেকে পাঠানো হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন