ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযান চালানোর আগে মার্কিন গোয়েন্দারা পাঁচ মাস ধরে নিবিড় নজরদারিতে রেখেছিলেন। এ তথ্য শনিবার মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল ড্যান কেইন এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন।
মার্কিন সামরিক বাহিনী রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সরাসরি নিউইয়র্কে নিয়ে আসে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অ্যাবস্যালুট রিজল্ভ’।
নিউইয়র্কে এক ব্রিফিংয়ে জেনারেল ড্যান কেইন জানান, “আমরা গত আগস্ট মাস থেকে মাদুরোর প্রতিটি পদক্ষেপ, চলাফেরা, অবস্থান, খাদ্যাভ্যাস, পোশাক এবং পোষা প্রাণীর বিষয়েও নিবিড় নজর রাখছিলাম। আমাদের কাছে সব তথ্য ছিল সার্বক্ষণিকভাবে। অপারেশনটি সফল করতে কয়েক মাসের পরিকল্পনা ও মহড়া চালানো হয়েছিল, তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।”
জেনারেল কেইনের মতে, অভিযানের পরিকল্পনা শুরু হওয়া থেকে বাস্তবায়ন পর্যন্ত দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে প্রস্তুতি নেওয়া হয়েছিল।
সূত্র জানায়, ২০১৭ সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখন থেকেই তিনি নিকোলাস মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতেন। ২০২৫ সালে মাদুরোর দ্বিতীয় প্রেসিডেন্ট পদে পুনরায় দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প আরও আগ্রাসী অবস্থান নেন। ট্রাম্পের কথায়, চার দিন আগে তিনি মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে অভিযানের নির্দেশ দিয়েছিলেন।





