শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর নামে ১৬৮ মামলা ও কোটি টাকার সম্পদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। নির্বাচনি হলফনামায় প্রকাশিত তথ্য অনুযায়ী, তিনি ও তার স্ত্রী নাজমুন নাহার হাসি কোটি টাকার সম্পত্তির মালিক। একইসঙ্গে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৬৮টি মামলা রয়েছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, রফিকুল আলম মজনু ব্যবসায়ী পেশার সঙ্গে জড়িত। তিনি মের্সাস ইমা এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ ও মায়াজ ট্রেডিং কর্পোরেশনের সত্ত্বাধিকারী। তাঁর স্ত্রী নাজমুন নাহার হাসি মাশফী ইলেকট্রনিক্সের মালিক।

২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে রফিকুল আলম মজনু ১ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৮৮৩ টাকা আয়ের তথ্য দেখিয়েছেন। একইসঙ্গে তার মোট সম্পত্তি ৩ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ২৩ টাকা এবং প্রদত্ত আয়কর ৩২ লাখ ৭৮ হাজার ২৬৫ টাকা। তার স্ত্রী নাজমুন নাহার হাসি ১৫ লাখ ৫৪ হাজার টাকার আয়ের সঙ্গে ২ কোটি ৩৫ লাখ ৭ হাজার ৯১৯ টাকার সম্পত্তি দেখিয়েছেন। প্রদত্ত আয়কর তার ক্ষেত্রে ১ লাখ ৩২ হাজার ৮০০ টাকা।

হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনুর স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে রাজধানীর শান্তিনগরে ছয় তলা বাড়ির অংশ ৫৯ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, জাতীয় ভলিবল স্টেডিয়ামে ১০ হাজার ১৬২ বর্গফুটের দোকান ১২ লাখ ৮ হাজার টাকা, শান্তিনগরের কনকর্ড মার্কেটের টুইন টাওয়ারে দোকান ৫ লাখ ৭৫ হাজার টাকা, ছাগলনাইয়ায় জমি ৫৩ লাখ ৯০ হাজার টাকা, পল্টনের চায়না টাউন মার্কেটে ৩৫০ দশমিক ৫৮ বর্গফুটের দোকান ১৩ লাখ ৫৬ হাজার ৩২০ টাকা, শান্তিনগরে ১ হাজার ৫১৫ বর্গফুটের ফ্ল্যাট ১৩ লাখ ১১ হাজার টাকা, দক্ষিণ শাহজাহানপুরে দুটি ফ্ল্যাটের মূল্য যথাক্রমে ৩৮ লাখ ৮৫ হাজার টাকা।

তার অস্থাবর সম্পত্তির মধ্যে ব্যাংকে নগদ ৩ লাখ টাকা, ইউসিবিএল-এ এফডিআর ২০ লাখ টাকা, নোহা মাইক্রোবাস ৩৪ লাখ, আসবাবপত্র ৯০ হাজার, ইলেকট্রনিক পণ্য ১ লাখ, নগদ ২৭ লাখ ৪৮ হাজার ৩২২ টাকা এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৬৬ লাখ ৮৬ হাজার ৬৭৬ টাকা জমা রয়েছে। এছাড়া ২০০৬ সালে ক্রয় করা একটি পিস্তল, শটগান ও তাজা গুলির বাজারমূল্য ৮৬ হাজার ৩৫০ টাকা।

রফিকুল আলম মজনুর স্ত্রী নাজমুন নাহার হাসির স্থাবর সম্পত্তির মধ্যে ঢাকার জাতীয় ভলিবল স্টেডিয়াম এলাকায় ১৭১ বর্গফুটের দোকান ২৪ লাখ ৮ হাজার টাকা, রামপুরা বনশ্রীয়ে ছয় তলা আবাসিক ভবন ১ কোটি ১১ লাখ ৪৯ হাজার ১৪৬ টাকা, পল্টনের ৮৫০ বর্গফুটের অফিস ৩৮ লাখ ৯ হাজার ১২০ টাকা এবং আউটার সার্কুলার রোডের ১ হাজার ৯৫৫ বর্গফুটের ফ্ল্যাট ৪৪ লাখ ৯৪ হাজার ৫৬০ টাকা।

অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ ৩০ লাখ ৯৭ হাজার ৮৭৯ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২২ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকা, ইলেকট্রনিক পণ্য ২ লাখ ৭৫ হাজার টাকা এবং আসবাবপত্র ১ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। তাদের স্বর্ণালংকারের পরিমাণ যথাক্রমে ২০ ও ৫০ ভরি।

হলফনামা অনুযায়ী, রফিকুল আলম মজনুর শেয়ারের বিরুদ্ধে ঋণ ৫৭ লাখ ৯৩ হাজার ৬৫৩ টাকা, বাড়ির ঋণ ৪৫ লাখ ৭০ হাজার ৪৯৯ টাকা এবং গাড়ি ক্রয় বাবদ ঋণ ৭ লাখ ৪৫ হাজার ১১২ টাকা রয়েছে।

রফিকুল আলম মজনু ১৯৭২ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। স্থায়ী ঠিকানা ফেনী সদর উপজেলার ইজ্জতপুরের সাতবাড়ি গ্রাম। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বসবাস করছেন। পিতার নাম মুন্সি গোলাম মোস্তফা, মাতার নাম রোজিয়া বেগম। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।

শেয়ার করুন