সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের

ভারতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে পড়ে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা রাইট রাইডার্স বাধ্য হওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। একই সঙ্গে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলংকায় আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে নির্দেশ দিয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন ড. আসিফ নজরুল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নির্দেশ দিয়েছি, তারা যেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পুরো বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা করে। বোর্ডকে জানাতে বলা হয়েছে—যেখানে বাংলাদেশের একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার ভারতে গিয়ে খেলতে নিরাপদ মনে করতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল কীভাবে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়াকে নিরাপদ ভাবতে পারে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, বোর্ড থেকে যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে না হয়ে শ্রীলংকায় আয়োজনের অনুরোধ জানানো হয়, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।

একই পোস্টে আসিফ নজরুল আরও উল্লেখ করেন, ‘আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেওয়া হয়।’

পোস্টের শেষাংশে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেবো না। গোলামীর দিন শেষ!’

শেয়ার করুন