বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে কর্মরত অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদারকে পরিচালক (গবেষণা) পদে উন্নীত করা হয়েছে। বিষয়টি ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করে।
ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এরপর ২০০৫ সাল পর্যন্ত তিনি গবেষণা বিভাগের অভ্যন্তরীণ অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি উপ-বিভাগে কাজ করেন, যেখানে কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামী ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম সম্পন্ন করেন।
২০০৫ সালে তিনি মনিটারি পলিসি ডিপার্টমেন্টে বদলি হন এবং গত ১৮ বছর ধরে ওপেন মার্কেট অপারেশন এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস উইং-এ দায়িত্ব পালন করেন। এছাড়া অর্থনীতি ও ফাইন্যান্স সংক্রান্ত বিষয় যেমন জিডিপি, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ইসলামী অর্থনীতি, ক্ষুদ্রঋণ, কৃষিঋণ এবং মোবাইল ব্যাংকিং সম্পর্কিত ১৫টি প্রবন্ধ তিনি দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন।
তার গবেষণার গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়পত্র ক্রেতাদের আর্থসামাজিক অবস্থা, কৃষিঋণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ভোক্তাঋণ। এসব কর্মকাণ্ডে তার অবদান গবেষণা ক্ষেত্রের পাশাপাশি ব্যাংকের নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।





