ঢাকা-১৩ আসনের নির্বাচনী লড়াইয়ে খেলাফত মজলিসের নেতা মামুনুল হক এবং বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ শেষ পর্যন্ত অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। প্রাথমিকভাবে তাদের মনোনয়নপত্রে পেশাগত তথ্য ও নাগরিকত্ব সংক্রান্ত কিছু ত্রুটি ধরা পড়েছিল। তবে শুনানির সময় প্রয়োজনীয় সংশোধন করার ফলে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
ফলস্বরূপ, এই আসনে ১১ জন প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত ৬ জন বৈধ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, আর ৫ জন প্রার্থী বাতিল হয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এই সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, মোট ১১টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ৬টি বৈধ এবং ৫টি বাতিল করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন: মামুনুল হক (খেলাফত মজলিস), ববি হাজ্জাজ (বিএনপি), সোহেল রানা (স্বতন্ত্র), মুরাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. শাহাবুদ্দিন (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি), ফাতেমা আক্তার মুনিয়া (ইনসানিয়াত বিপ্লব)
অপরদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন: শেখ মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র), মিজানুর রহমান (গণ অধিকার পরিষদ), শাহরিয়ার ইফতেখার (বাংলাদেশ মুসলিম লীগ), মো. খালেকুজ্জামান (বাসদ), রাজু আহমেদ (আমজনতার দল)
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত হয়েছে ২০ জানুয়ারি।





